স্মার্ট কার্ডে ভাগ্য বদলাচ্ছে কৃষকের; এবার কি তবে ডাটা প্যাক ফুরিয়ে গেলে ক্ষেতে সার পৌঁছাবে না?

 


স্মার্ট কার্ডে ভাগ্য বদলাচ্ছে কৃষকের; এবার কি তবে ডাটা প্যাক ফুরিয়ে গেলে ক্ষেতে সার পৌঁছাবে না?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা মৌমাছি | ১০ মার্চ, ২০২৬

যুগ বদলেছে, এখন আর শুধু ভোটার আইডি কার্ড দিয়ে কাজ চলবে না—চাষিদের জন্য আসছে স্পেশাল 'কৃষক কার্ড'। যারা এতদিন কৃষক না হয়েও স্রেফ 'দলীয় কোটায়' কৃষিঋণ নিয়ে শহরের রেস্টুরেন্টে ডিনার করতেন, তাদের জন্য দুঃসংবাদ! এখন থেকে ক্ষেতের প্রতিটি কুমড়া আর লাউয়ের ওপর 'জিও ট্যাগ' বসানো হতে পারে বলে আমাদের গবেষক আজগুবি এক বিশেষ স্বপ্নে দেখেছেন। তার মতে, "জিও ট্যাগ থাকলে কোনো গরু যদি পরশীর ক্ষেতে মুখ দেয়, তবে সাথে সাথে কৃষকের ফোনে নোটিফিকেশন যাবে—ইওর ক্রপ ইজ বিইং এডিটেড বাই আ নেইবারস কাউ!"

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ১৩ সদস্যের এক 'জাঁদরেল' কমিটি বানিয়েছেন, যারা নিশ্চিত করবেন যে টাঙ্গাইল থেকে টেকনাফ পর্যন্ত সব কৃষক এখন থেকে এনালগ পদ্ধতিতে ঘাম না ঝরিয়ে ডিজিটাল ফ্রেমওয়ার্কের ভেতরে থাকবেন। বিলাত ফেরত বড় ভাই এই খবর শুনে চশমা ঠিক করতে করতে বললেন, "লন্ডনের ফার্মাররা তো কার্ড দিয়ে সয়েল টেস্ট করে, আমাদের এখানে তো কার্ড দিয়ে দেখি কেবল সার-বীজ পাওয়া যাবে! সো প্রিমিটিভ!"

তবে সাধারণ বর্গাচাষিরা চিন্তায় আছেন, কার্ডের মেয়াদ তো ৪ বছর—মেয়াদ শেষ হলে কি ধান গাছগুলো অটোমেটিক শুকিয়ে যাবে? নাকি রিনিউ করার আগে ফসলে পানি দেওয়া নিষেধ থাকবে? ওদিকে ৯টি পাইলট উপজেলার কৃষকরা এখন থেকেই মোবাইলের চার্জ ফুল দিয়ে রাখছেন, যদি কার্ড ঘষা দিলে স্ক্রিন থেকে সরাসরি পটাশ সার বের হয়ে আসে!

Comments